সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রামিসা হত্যায় আসামিপক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ

জাতীয় ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৭:২৮ পিএম

রামিসা হত্যায় আসামিপক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ

আদালত প্রাঙ্গণ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ দিয়েছে সরকার। আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। 

ঢাকা আইনজীবী সমিতি আসামিপক্ষে না দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।অ্যাডভোকেট মুসা কালিমূল্যাহ আসামিপক্ষে মামলা পরিচালনা করবেন।

আজ রোববার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান আদালতে চার্জশিট জমা দেন। মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, ফরেনসিক রিপোর্টে শিশুটিকে ধর্ষণ ও হত্যার স্পষ্ট প্রমাণ মিলেছে। সিআইডি এই ঘটনায় ডিএনএ রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে। 

আগামী ১ জুন মামলার বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।সরকার রাষ্ট্রপক্ষে আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে।আসামিরা বর্তমানে কারাগারে আছেন।

 

প্রধান অভিযুক্ত সোহেল রানা গত ২০ মে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পুরো মামলার বিচারিক প্রক্রিয়া এখন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। মামলার রায় দ্রুত নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।