মে ২৫, ২০২৬, ০৪:৪৭ পিএম
দেশের হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে। এখন পর্যন্ত দুই কোটিরও বেশি শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রথম ধাপের ১৮টি উপজেলায় হামের সংক্রমণ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।ঈদুল আজহার আগে হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করতে কুমিল্লায় এই সফরে আসেন স্বাস্থ্যমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, শুধু শাস্তি দিয়ে হাম বা এই জাতীয় রোগ সংক্রমণ বন্ধ করা সম্ভব নয়।
তার মতে, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো আক্রান্ত শিশুদের জীবন রক্ষা করা এবং কোনো মায়ের কোল যেন খালি না হয় তা নিশ্চিত করা।মায়ের বুকের মানিককে রক্ষা করাই সরকারের মূল লক্ষ্য।
হামে সংক্রমণ ও মৃত্যু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তের বিষয়ে মন্ত্রী জানান, পরিস্থিতির উন্নতি করাই তাদের প্রধান কাজ। টিকাদান কর্মসূচি সফল করতে সরকারের পক্ষ থেকে মাঠপর্যায়ে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে। হাসপাতালের জরুরি সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত টিকাদান কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার নিরলস কাজ করে যাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন