বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

জাতীয় ডেস্ক

জুন ৭, ২০২৬, ১২:৪০ পিএম

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। আগামী ১ জুলাই ২০২৬ থেকে এই কাঠামো কার্যকর করার লক্ষ্য নিয়ে একটি প্রাথমিক রূপরেখা চূড়ান্ত করা হচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা ও জাতীয় বাজেটের ওপর সম্ভাব্য চাপ বিবেচনায় নিয়ে একবারে নয়, বরং তিন ধাপে এই বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। 

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এর জন্য ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার একটি বড় আর্থিক সংস্থানের পরিকল্পনা রাখা হচ্ছে।যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যে সরকারি কর্মচারীদের মধ্যে আগ্রহ বাড়ছে। 

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। এরপর দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে বাকি মূল বেতন সমন্বয় করা হবে। সর্বশেষ তৃতীয় ধাপে ২০২৮-২৯ অর্থবছরে বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াতসহ অন্যান্য সব ধরনের ভাতা নতুন কাঠামোর আওতায় এনে বাস্তবায়ন সম্পন্ন করা হবে।

নতুন বেতন কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো বর্তমানের ২০টি গ্রেড বহাল রেখেই বেতন বৈষম্য কমানোর উদ্যোগ। প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের বর্তমান ব্যবধান এক অনুপাত নয় দশমিক চার থেকে কমিয়ে এক অনুপাত আট করার সুপারিশ করা হয়েছে। এতে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। অন্যদিকে প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

নতুন এই সুবিধার আওতায় আসবেন প্রায় ৯ লাখ পেনশনভোগী। বিশেষ করে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে যাতায়াত ভাতা চালুর বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে। এছাড়া বর্তমানে চালু থাকা ১০ শতাংশ মহার্ঘ ভাতা নতুন বেতন কাঠামোর সঙ্গে কীভাবে সমন্বয় করা হবে, তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের একটি বিশেষ উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটি কাজ করছে। সব মিলিয়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবী, পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষকদের জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসার আশা করছেন সংশ্লিষ্টরা।