জুন ৭, ২০২৬, ০১:২১ পিএম
গণতান্ত্রিক বাংলাদেশে এবার অবশ্যই আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। `কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা` শীর্ষক শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসন দেশের গণতান্ত্রিক অধিকার ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল। প্রধানমন্ত্রী বলেন, এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।ইতিহাসের প্রতিটি পর্যায়ে গণতন্ত্র রক্ষায় যারা আত্মত্যাগ করেছেন, তাদের সম্মান জানানোর তাগিদ দিয়েছেন তিনি।
একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়তে প্রযুক্তি ও শিক্ষায় নিজেদের প্রস্তুত রাখার বিকল্প নেই। তার মতে, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এ ছাড়া টিকে থাকা অসম্ভব।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ হাজারেরও বেশি কলেজে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ১৯৯২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।
উচ্চশিক্ষায় শহরের পাশাপাশি গ্রামের শিক্ষার্থীদের সুযোগ নিশ্চিত করতে এই প্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে বেশি। ইতোমধ্যে পর্যায়ক্রমিকভাবে ১ কোটিরও বেশি শিক্ষার্থী এখান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। অটোমেশনের কারণে পুরোনো অনেক পেশা ঝুঁকিতে পড়ছে। আবার নতুন নতুন ক্ষেত্রও তৈরি হচ্ছে।
এই পরিবর্তন সামাল দিতে কেবল সনদের পেছনে না ছুটে দক্ষতা অর্জনে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।তিনি উল্লেখ করেন, প্রযুক্তিগত বিপ্লব মোকাবিলায় সনদ নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বাস্তব ও কর্মমুখী শিক্ষা গড়ে তোলার কোনো বিকল্প নেই। সবশেষে তিনি বলেন, এমন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন যা শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ তৈরি করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন