জুন ৯, ২০২৬, ০৮:০০ পিএম
দেশের অভ্যন্তরীণ মূলধন বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে পুঁজিবাজারকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার বর্তমানে যে দুর্বল অবস্থায় রয়েছে, তা কাটিয়ে উঠতে বহুমুখী প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রক সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে। বাজারের বিকাশ ও সম্প্রসারণে সহায়ক নতুন নতুন আর্থিক পণ্য বাজারে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।
অর্থমন্ত্রী জানান, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করা হয়েছে এবং সেখানে দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বাজারের স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, জনগণের অলস সঞ্চয়কে উৎপাদনশীল বিনিয়োগে রূপান্তরের ক্ষেত্রে পুঁজিবাজারকে একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। ভূয়া আর্থিক প্রতিবেদন ও দুর্বল কোম্পানির তালিকাভুক্তি রোধে তদারকি ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।
সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, চলমান এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে পুঁজিবাজারে নতুন গতি সঞ্চার হবে। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে পুঁজিবাজারকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠার কাজ জোরেশোরে এগিয়ে চলছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং একটি স্থিতিশীল পুঁজিবাজার গঠনই সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন