রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রতিবন্ধীদের সমাজের মেইনস্ট্রিমে নিয়ে আসতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুন ১০, ২০২৬, ০৮:৩১ পিএম

প্রতিবন্ধীদের সমাজের মেইনস্ট্রিমে নিয়ে আসতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা ও পুনর্বাসনের মাধ্যমে কর্মক্ষম করে সমাজের মূলধারায় নিয়ে আসার অঙ্গীকার করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার রাজধানীর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিদর্শনকালে তিনি এই পরিকল্পনার কথা জানান। তিনি গুরুত্ব দিয়ে বলেন, এই বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করাই মূল উদ্দেশ্য।পরিদর্শনকালে মন্ত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সেখানে থাকা প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। 

তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, আবাসন, চিকিৎসা ও সুষম খাদ্যের মান যাচাই করেন। মন্ত্রী জানান, প্রতিবন্ধীরা যেন সমাজ থেকে বিচ্ছিন্ন না থেকে অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থার অংশ হতে পারেন, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে কলেজ ও বিশেষায়িত স্কুলগুলোতে অটিজম, শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের মানসম্মত সেবা প্রদান করা হচ্ছে।

 পুনর্বাসনের অংশ হিসেবে তাদের চাকরির সুযোগ তৈরি করতে মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে সহযোগিতা করা হচ্ছে। মন্ত্রী আরও জানান, বর্তমানে সারাদেশে প্রতিবন্ধীদের সেবায় ১০৩টি কেন্দ্র চালু রয়েছে, তবে ভবিষ্যতে প্রতিটি উপজেলায় এই সেবা পৌঁছে দেওয়া হবে।দেশের প্রতিটি উপজেলায় সেবাকেন্দ্র সম্প্রসারণ করা হবে।পরিসংখ্যান অনুযায়ী দেশে ১৪ থেকে ১৬ মিলিয়ন প্রতিবন্ধী মানুষ রয়েছেন। এই বিশাল জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার আওতায় না আনতে পারলে তারা সমাজের ওপর নির্ভরশীল হয়ে থাকবে। মন্ত্রীর মতে, সঠিক দক্ষতা উন্নয়নের মাধ্যমেই তাদের দেশের জন্য সম্পদে রূপান্তর করা সম্ভব।

সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষিত জনবল তৈরির ওপর জোর দিয়েছেন মন্ত্রী।পরিশেষে মন্ত্রী জানান, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার হলো সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়েই একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যেই মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। পরিদর্শনকালে ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।