জুন ১৩, ২০২৬, ০৭:১৩ পিএম
ঐতিহাসিক চব্বিশের গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম বীর শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে তিনি পেকুয়া উপজেলায় শহীদ মোহাম্মদ ওয়াসিমের নিজ গ্রামের বাড়িতে সশরীরে উপস্থিত হন।
চারা রোপণ কর্মসূচি ও মাঠপর্যায়ের অন্যান্য রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে এই বীর শহীদের পরিবারের কাছে এসে পৌঁছান।এই সময় তাঁর সঙ্গে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।এছাড়া সফরসঙ্গী হিসেবে দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং তাঁর সহধর্মিণী হাসিনা আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে এই শহীদের বাড়িতে উপস্থিত ছিলেন। সমাধিস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের মহান আত্মত্যাগ স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি শহীদ ওয়াসিমের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং দেশের স্বাধীনতা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ঐতিহাসিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। কবর জিয়ারত ও মোনাজাতের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সরাসরি শহীদ ওয়াসিমের প্রবীণ বাবা-মা ও ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরবর্তীতে রাষ্ট্রীয় সহযোগিতার অংশ হিসেবে এই বীর শহীদ পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য তাদের হাতে ২০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য যে ২০২৪ সালের ১৬ই জুলাই দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সময় নির্মমভাবে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মোহাম্মদ ওয়াসিম। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের অন্যতম দক্ষ যুগ্ম-আহ্বায়ক হিসেবে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সম্মুখভাগে নেতৃত্ব দিচ্ছিলেন। সরকার প্রধানের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পুরো পেকুয়া এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফরে রাষ্ট্রীয় সফরসঙ্গীদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুদান হস্তান্তর শেষে প্রধানমন্ত্রী উপস্থিত স্থানীয় জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না বলে সবাইকে আশ্বস্ত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন