জুন ১৫, ২০২৬, ০৭:৪৬ পিএম
হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন ও ভটভটির মতো যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। সোমবার জাতীয় সংসদে রংপুর-৩ আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এ কথা স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
অনিয়ন্ত্রিত এসব যানবাহন চলাচল রোধে সরকার সক্রিয় পদক্ষেপ নিচ্ছে বলে তিনি জানান।সড়ক পরিবহন মন্ত্রী জানান, পরিস্থিতির উত্তরণে বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালানো হচ্ছে।
সংসদে মন্ত্রী আরও জানান, বিআরটিএ-এর তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা বর্তমানে ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। এছাড়া এমআরটি লাইন-২ প্রকল্পের রুট এলাইনমেন্টে নারায়ণগঞ্জ শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ৩০ দশমিক ৪০ কিলোমিটার দীর্ঘ হবে। সারাদেশে টোল আদায়ের আওতাভুক্ত ৬৭টি সেতু থেকে নিয়মিত রাজস্ব আদায় করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, রেলওয়ে খাতে আধুনিকায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রেলওয়ের অব্যবহৃত জমি ও স্টেশনের ছাদে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা করা হয়েছে। এছাড়া অনলাইন টিকেটিং ব্যবস্থায় অনিয়ম রোধে গত তিন মাসে সাত হাজার ৮১০টি সন্দেহজনক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে বলে জানান রেলপথ মন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন