জুন ১৫, ২০২৬, ০৯:৩৩ পিএম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে পুলিশ পরিদর্শক পদমর্যাদার আট কর্মকর্তাকে একযোগে রদবদল করা হয়েছে। সোমবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী সই করা এক অফিস আদেশে এই রদবদলের বিষয়টি জানানো হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।এই আদেশের মাধ্যমে নগরীর পাঁচটি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি পদায়ন করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, কর্ণফুলী থানার বর্তমান ওসি শাহীনূর আলমকে ডবলমুরিং থানায় এবং চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুনকে চকবাজার থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া গোয়েন্দা শাখা থেকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে চান্দগাঁও থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার এবং মোজাম্মেল হককে খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, ডবলমুরিং থানার বিদায়ী ওসি জামাল উদ্দিন খান এবং খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। এছাড়া চকবাজার থানার ওসি মো. বাবুল আজাদকে গোয়েন্দা শাখা-দক্ষিণে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক কাজের গতিশীলতা ও জনস্বার্থে নিয়মিত এই রদবদল করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন