সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক

জুন ১৫, ২০২৬, ১০:৩২ পিএম

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ করা সাংবাদিকতার লক্ষ্য হতে পারে না। জনগণের সামনে সত্যকে সত্য হিসেবে তুলে ধরাই সংবাদমাধ্যমের প্রধান দায়িত্ব হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

সোমবার সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।বৈঠকে টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ এবং চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 

প্রধানমন্ত্রী জানান, মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি দেশের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যেই সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে এবং আগামী ১৮ জুন এ বিষয়ে অংশীজনদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হবে।

সাংবাদিক নেতারা টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ শিল্প খাত হিসেবে ঘোষণার পাশাপাশি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট নীতি কাঠামো তৈরি করা গেলে গণমাধ্যম খাতের বিদ্যমান সব সমস্যার সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং সব ধরনের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়।