শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরুল

জাতীয় ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০৫:১৭ পিএম

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরুল

জাতীয় সংসদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।মন্ত্রী সংসদে জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং সিটি করপোরেশনের নির্বাচন সম্পূর্ণ শেষ করার একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা সরকারের রয়েছে। জাতীয় বাজেটের আর্থিক প্রাপ্যতার ওপর পুরোপুরি ভিত্তি করে পর্যায়ক্রমে এই ভোটগুলো ধাপে ধাপে আয়োজন করা হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। 

এরপর অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচনের পাশাপাশি নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের মোট ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মচারীদের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি আধুনিক পরিদর্শন কক্ষ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ থেকে ইতিমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ৬ লাখ টাকা করে বিশেষ থোক বরাদ্দ প্রদান করা হয়েছে। 

এর ফলে মাঠপর্যায়ে সরকারি কাজের তদারকি এবং সমন্বয় সাধন করা আগের চেয়ে অনেক বেশি সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির পানির সংকট সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা মহানগরীর দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় দৈনিক পানির মোট চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। যদিও বছরের গ্রীষ্ম ও শীত মৌসুমে এই পানির চাহিদার কিছুটা তারতম্য হয়ে থাকে। বর্তমানে ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার। 

পানি বিশুদ্ধকরণের কাজটি অত্যাধুনিক কেমিক্যাল অ্যালার্ম সালফেট ও ক্লোরিনেশনের মাধ্যমে সম্পন্ন করা হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করে ওয়াসার নিজস্ব ল্যাবরেটরিতে পানির গুণগত মান নিশ্চিত হওয়ার পর তা সরবরাহ লাইনে পাঠানো হয়।সংরক্ষিত নারী আসনের অন্য দুই সংসদ সদস্য সেলিমা রহমান ও নিপুণ রায় চৌধুরীর পৃথক দুটি প্রশ্নের জবাবে মন্ত্রী ঢাকা উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থার আধুনিকায়নের তথ্য তুলে ধরেন। 

তিনি জানান, বাসাবাড়ি থেকে পরিবেশসম্মত উপায়ে ময়লা অপসারণের জন্য বেসরকারি ভ্যান চালকদের সুনির্দিষ্ট চুক্তির আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়াকে সম্পূর্ণ সহজ করতে এবং জনভোগান্তি দূর করতে সফটওয়্যারের দ্বিতীয় সংস্করণ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই ডিজিটাল সিস্টেমে অনলাইন পেমেন্টের পাশাপাশি ব্লক চেইন প্রযুক্তি ব্যবহার করা হবে, যার ফলে কোনো স্তরে তথ্য অবৈধভাবে পরিবর্তন করা হলে তা সহজে উদঘাটন করা যাবে।