শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশিদের জন্য ফের চালু হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা

জাতীয় ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০৩:৪৮ পিএম

বাংলাদেশিদের জন্য ফের চালু হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা

বাংলাদেশিদের জন্য দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও ট্যুরিস্ট ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে পর্যটনের জন্য সাধারণ নাগরিকেরা আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এই সুসংবাদ জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।দুই বছর পর পর্যটন ভিসা চালু করল ভারত।

গত ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সুরক্ষাজনিত কারণে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বা পর্যটন ভিসা বন্ধ রেখেছিল প্রতিবেশী দেশটি। এই দীর্ঘ সময়ে কেবল জরুরি চিকিৎসার জন্য মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা সীমিত পরিসরে চালু ছিল। ফলে সাধারণ ভ্রমণকারী ও পর্যটকেরা তীব্র ভোগান্তিতে পড়েন। নতুন হাইকমিশনারের এই ঘোষণার মাধ্যমে সেই অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস সব ধরনের ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার জোরালো উদ্যোগের কথা জানিয়েছিলেন। তৎকালীন সেই আশ্বাসের ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিক ঘোষণা এল। নতুন সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যকার যাতায়াত ও পর্যটন খাত আবার গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।