জুন ২৬, ২০২৬, ০৫:০৫ পিএম
বর্তমান সরকার গঠন করার পর থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। শুধু মাদক নির্মূল নয়, যুব সমাজকে সামাজিকভাবে মাদক থেকে দূরে রাখতে এবং সমাজকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে কাজ চলছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।আজ শুক্রবার দুপুরে পঞ্চগড়ে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসন দিয়ে গ্রেপ্তার করে বা জেলে পাঠিয়ে মাদক সম্পূর্ণ মুক্ত করা সম্ভব নয়। যুব সমাজকে মোবাইল থেকে বিচ্ছিন্ন করে খেলার মাঠে নিয়ে যেতে হবে এবং সাংস্কৃতিকভাবে যুক্ত করতে হবে, সরকার এই লক্ষ্যেই কাজ করছে।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এবং পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন