জুন ২৮, ২০২৬, ১০:০৪ পিএম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকবিরোধী জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে দিনাজপুরের কৃতি শিক্ষার্থী মোঃ আবরার জাহিন স্বচ্ছ। সে দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ক শাখার ছাত্র এবং স্থানীয় রঙ পেন্সিল আর্ট একাডেমির একজন নিয়মিত শিক্ষার্থী।গত ২৬ জুন রাজধানীর ওসামনী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ এই পুরস্কার ও চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি ছাত্র আবরারের হাতে প্রথম স্থানের বিশেষ পুরস্কার ও সম্মাননা চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ সালাউদ্দিন আহমেদ। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফসহ অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় দরবারে আবরারের এই অনন্য ও গৌরবময় অর্জনে দিনাজপুরের স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। এই অসামান্য সাফল্য আগামী দিনের অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের জন্য অন্যতম বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে সুধীজনরা অভিমত ব্যক্ত করেছেন।কৃতি এই খুদে শিক্ষার্থীর বাড়ি দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা মহল্লায়।
তাঁর পিতা মোঃ বন্দে আলী মিয়া এবং মাতা মোছাঃ আকলিমা আরফিন সন্তানের এমন যুগান্তকারী সাফল্যে অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। রঙ পেন্সিল আর্ট একাডেমির পরিচালক রাকিউর রহমান পায়েল এই অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করে জানান, জাতীয় পর্যায়ের এই গৌরবময় সাফল্য প্রমাণ করে যে প্রতিষ্ঠানটি প্রকৃতপক্ষে খাঁটি শিল্পী গড়ার এক দক্ষ কারিগর। তাছাড়াও জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মোট নয়টি পুরস্কারের মধ্যে আটটি গৌরবময় পুরস্কার অর্জন করে রঙ পেন্সিল আর্ট একাডেমি দিনাজপুরের শিক্ষার্থীরা সর্বক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব ও মেধার অনন্য নজির স্থাপন করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন