সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

জুলাই ২, ২০২৬, ০৯:১২ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা, ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভিসা সহজীকরণ ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। মন্ত্রী ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের নীতিগত সমর্থন অব্যাহত থাকবে।সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর ফিলিস্তিনি শিক্ষার্থী উচ্চশিক্ষা নিচ্ছেন। তাদের পড়াশোনা ও আগমন নির্বিঘ্ন করতে অন-অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে সহযোগিতার অনুরোধ জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন এবং রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বৈঠকে সাইবার নিরাপত্তা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাইবার অপরাধীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে মন্ত্রণালয় ও ফিলিস্তিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পর্কের এই দৃঢ়তা ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন উভয়পক্ষ। ফিলিস্তিনি নাগরিকদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ পাশে আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।