সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খামেনির শেষ বিদায়ে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ১১:৩৪ পিএম

খামেনির শেষ বিদায়ে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে তেহরানে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়োজিত এই আনুষ্ঠানিকতায় তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। শোকানুষ্ঠানে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তিনি সমবেদনা জানান।

এর আগে, বৃহস্পতিবার রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানে ইরানের ইসলামিক কনসাল্টেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন তিনি। ওই বৈঠকে খামেনির মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক প্রকাশ করে তিনি এই হত্যাকাণ্ডের নিন্দা জানান। স্পিকার বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে।

বাংলাদেশ ও ইরানের ঐতিহাসিক বন্ধুত্বের কথা স্মরণ করে স্পিকার বলেন, দুই দেশের মধ্যে শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। এছাড়া শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানি স্পিকারের ভূমিকার প্রশংসা করেন তিনি।

স্পিকার আশা প্রকাশ করেন, এই শান্তি চুক্তি সামগ্রিক অঞ্চলে স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে। তিনি ইরানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান।