রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই শহীদ পরিবারের আর্তনাদ, স্মরণসভায় অশ্রুসিক্ত তারেক রহমান

জাতীয় ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০২:৪৪ পিএম

জুলাই শহীদ পরিবারের আর্তনাদ, স্মরণসভায় অশ্রুসিক্ত তারেক রহমান

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণ ও আকুতি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান।শহীদ জননীর হৃদয়স্পর্শী বক্তব্যে সম্মেলনজুড়ে নেমে আসে শোকের ছায়া।

‘৩৬ জুলাই’ অর্থাৎ ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’। অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো কয়েকজন শহীদের পরিবারের সদস্য মঞ্চে এসে তাদের সন্তান ও স্বজনদের হারানোর লড়াকু দিনগুলোর স্মৃতি তুলে ধরেন। এ সময় এক শহীদ জননী তার সন্তানের আত্মত্যাগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লে উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতাদের পাশাপাশি সামনের সারিতে বসা প্রধানমন্ত্রী তারেক রহমানও তার অশ্রু ধরে রাখতে পারেননি। শহীদ জননীর বক্তব্যে সন্তানের আত্মত্যাগের বর্ণনা শুনে অকপটেই প্রধানমন্ত্রীর চোখে পানি চলে আসে। 

এ সময় তার দুচোখ আর্দ্র হয়ে উঠতে দেখা যায়।শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সম্মেলনটি গণ-অভ্যুত্থানের চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। অনুষ্ঠানজুড়ে শহীদ পরিবারগুলোর প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশের নানা দৃশ্য ছিল চোখে পড়ার মতো।