জুলাই ৪, ২০২৬, ০২:৪৯ পিএম
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটির রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং আইন অনুযায়ী তাদের বিচারের প্রক্রিয়া এগিয়ে চলছে। শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির রাজনৈতিক পতন ও নির্মূল হয়েছে।
সালাহউদ্দিন আহমদ দাবি করেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর পরও গণহত্যাকারী শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। তাদের মধ্যে দোষ স্বীকারের মানসিকতা নেই বরং তারা জুলাই যোদ্ধাদের অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। তিনি আরও বলেন, যারা চেতনা বিক্রির রাজনীতি করত, তারা এখন বিদেশে অবস্থান করছে এবং সেখান থেকে ষড়যন্ত্র চালাচ্ছে।
জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ওই সময়ে আমি ও তারেক রহমান নির্বাসিত ছিলাম। ওই পরিস্থিতি সমন্বয় করে বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করে অরাজনৈতিক পরিচয়ে জুলাই যোদ্ধাদের সামনে রেখে আন্দোলনকে সফল পর্যায়ে নিয়ে আসা হয়েছিল। এটি ছিল পর্দার অন্তরালের এক বড় সমন্বয়।
স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সাথে জানান, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে এবং খুব শিগগিরই তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আইন অনুযায়ীই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি আশ্বস্ত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন