জুলাই ৪, ২০২৬, ০৮:২৯ পিএম
দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।বিনিয়োগের জন্য বেসরকারি খাতের বিভিন্ন কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে বলে সভায় জানানো হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় আলোচিত হয় যে, বেসরকারি বিভিন্ন কোম্পানি এসব কলকারখানায় বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। প্রতিষ্ঠানগুলো যে ধরনের শিল্প স্থাপনের প্রস্তাব দিয়েছে, সেগুলোর সম্ভাব্যতা যাচাই করার কাজ দ্রুত শুরু হবে। প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন করার পাশাপাশি অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ এড়িয়ে দ্রুত কাজ শেষ করার ওপর জোর দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। বন্ধ কারখানাগুলো চালুর মাধ্যমে শিল্প খাতে গতিশীলতা ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন