সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

জাতীয় ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ১২:০৮ পিএম

নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির ইন্টেরিয়র ও মাদক নিয়ন্ত্রণমন্ত্রী সৈয়দ মহসিন নাকভী।

বৈঠকে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মাদক চোরাচালান প্রতিরোধ ও আধুনিক নগর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের অবস্থান তুলে ধরা হয়।

মাদক চোরাচালান রোধে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন দুই মন্ত্রী। পাশাপাশি, চলতি বছরের জানুয়ারিতে ঢাকা-করাচি রুটে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হওয়ার বিষয়টি তুলে ধরে এটিকে দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৈঠকে পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূতদের জাতীয় পরিচয়পত্র বা সিএনআইসি প্রাপ্তির জটিলতার বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, এ সমস্যার কারণে অনেকেই শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে এর স্থায়ী সমাধানে পাকিস্তানের সহযোগিতা চাওয়া হয়েছে।

নগর নিরাপত্তা আধুনিকায়নে পাকিস্তানের ‍‍`সেফ সিটি‍‍` মডেলের অভিজ্ঞতাকে বাংলাদেশের শহরগুলোতে কাজে লাগাতে কারিগরি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ পুলিশের উচ্চতর প্রশিক্ষণ কার্যক্রমে পাকিস্তানের সহায়তা প্রত্যাশা করে বাংলাদেশ।রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বাংলাদেশ উল্লেখ করে যে, মিয়ানমার যেন দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ উপায়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়, সে লক্ষ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের জোরালো সমর্থন প্রয়োজন।

বৈঠক শেষে পাকিস্তানের মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সুবিধাজনক সময়ে এই সফর সম্পন্ন করার বিষয়ে সম্মতি ব্যক্ত করেন। বৈঠকে উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।