বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদে প্রশ্নোত্তর পর্ব স্থগিত

জাতীয় ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৭:২২ পিএম

মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদে প্রশ্নোত্তর পর্ব স্থগিত

সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতির কারণে জাতীয় সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব স্থগিত করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বুধবার (৮ জুলাই) আছরের বিরতির পর সংসদ অধিবেশন শুরু হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে মন্ত্রীদের নির্ধারিত প্রশ্নোত্তর শুরু হওয়ার কথা ছিল। এর আগে আছরের বিরতির আগ পর্যন্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর সংসদে উপস্থিত থেকে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন।

আছরের নামাজের জন্য ৩০ মিনিটের বিরতির পর বিকেল ৫টা ২৬ মিনিটে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন পুনরায় শুরু হয়। সভাপতির আসনে বসে ডেপুটি স্পিকার কিছুক্ষণ মন্ত্রীদের আসনের দিকে লক্ষ্য করেন। পরবর্তীতে তিনি জানান, যাদের জন্য প্রশ্ন ছিল, সেসব মন্ত্রীরা সংসদে উপস্থিত নেই। এ কারণে তিনি প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত ঘোষণা করেন এবং পরবর্তী কার্যক্রমে যাওয়ার নির্দেশ দেন।

পরে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জয়নুল আবদিন ফারুক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ অন্য সদস্যদের বিভিন্ন পয়েন্ট অব অর্ডারে আলোচনার মধ্য দিয়ে অধিবেশনের অবশিষ্ট কার্যক্রম পরিচালিত হয়।