রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ১০:০১ পিএম

দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিনব্যাপী তিনি বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। 

দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য তিনি প্রশাসনকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন।দুর্যোগ মোকাবিলায় উদ্ধারকাজে গতি আনার পাশাপাশি প্রধানমন্ত্রী বন্যাকবলিত এলাকার নারী ও শিশু, বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি সর্বোচ্চ যত্নশীল থাকার নির্দেশ দিয়েছেন। 

একইসঙ্গে দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যাতে চুরি, ডাকাতি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ত্রাণ কার্যক্রমে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন। এদিকে, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী ও সংসদ সদস্যরা শুরু থেকেই বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সরকার আশা করছে, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বিত উদ্যোগে চলমান দুর্যোগ পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নেও স্থানীয় প্রশাসনকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনিক তদারকি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।