জুলাই ১৪, ২০২৬, ০৬:৫২ পিএম
এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ ও চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাম্প্রতিক বন্যা ও বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ করায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী। এই পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীর বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এর আগে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সারা দেশের সার্বিক পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের মতামত বিশ্লেষণ করেই পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের ভুলের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।
সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষায় প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। চট্টগ্রামের বন্যার কারণে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িসহ পুরো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আগেই স্থগিত করা হয়েছিল।
তিনি আরও বলেন, চলমান পরিস্থিতির ওপর সরকার সার্বক্ষণিক মনিটরিং করছিল এবং ৬৪ জেলার পুলিশ সুপার, আটটি বিভাগীয় কমিশনার, প্রতিটি বোর্ডের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছিল। এমনকি আবহাওয়ার পূর্বাভাসের জন্য সংশ্লিষ্টদের সঙ্গেও যোগাযোগ রাখা হয়। তারা সবাই পরিস্থিতি অনুকূলে থাকবে বলে জানানোর পর, বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করে পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন