রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০২:০৯ পিএম

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি - সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে চলা শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে চায় এমন একটি গোষ্ঠী সবসময় সক্রিয় রয়েছে। যারা শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই ওইদিন পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষা দিতে না পারলে, তা পুনরায় নেওয়া হবে। ভুল প্রশ্নের জন্য তদন্ত হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমন সিদ্ধান্তে পরীক্ষার্থীরা সন্তুষ্ট বলেও তিনি মনে করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বিষয়ে সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। যারা এগুলো নিয়ে কথাবার্তা বলছেন, তারা সংখ্যায় খুব বেশি নয়। সরকার এখন এসব বিষয়ে মনোযোগ না দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনা ও সুষ্ঠু পরীক্ষা গ্রহণের দিকে বেশি নজর দিচ্ছে।তিনি জানান, আমরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই। দেশের শিক্ষার মান একসময় নিচে নেমে গিয়েছিল, আমরা সেই অবস্থান থেকে বেরিয়ে আসতে চাই। স্বচ্ছ পরিবেশে পরীক্ষা নেওয়া এবং শিক্ষার মান উন্নত করাই আমাদের প্রধান লক্ষ্য।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করা শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে পরীক্ষা স্থগিত করা এবং বিনা পরীক্ষায় পাসের মতো ঘটনা ঘটেছে। তখন বিষয়টি সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার এখন কঠোর অবস্থানে রয়েছে যাতে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত না হয়।