রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সরকারের লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ০৩:৩৫ পিএম

সরকারের লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি - সংগৃহীত

সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে বিপদের দিনে জনগণের পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার।‍‍`সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ‍‍` — এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ঘরবাড়ি হারানো পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্যও সরকার বিশেষ সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। যাদের বীজতলা, চারা বা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। সরকার সর্বদা দেশের মানুষের পাশে থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে বলে মন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।