জুলাই ১৯, ২০২৬, ০৩:০৩ পিএম
যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনসুলেটে সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা অনুমোদন পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।রোববার (১৯ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এই নির্দেশনা তুলে ধরা হয়।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনসুলেটে ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে এবং এ ধরনের আবেদনের জন্য পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
মূলত আবেদন প্রক্রিয়ার জটিলতা এড়াতে এবং ভিসা প্রাপ্তি নিশ্চিত করতে নিজ দেশের মার্কিন দূতাবাসের মাধ্যমেই আবেদন সম্পন্ন করার কথা বলেছেন কর্মকর্তারা। আবেদনকারীদের কোনো অসাধু চক্রের প্রলোভনে না পড়ে সঠিক পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
ভিসা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করতে বলা হয়েছে। নতুন এই বার্তাটি মূলত তাদের জন্যই প্রযোজ্য, যারা বিশেষ কোনো সুবিধা বা দ্রুত প্রক্রিয়ার আশায় তৃতীয় কোনো দেশে গিয়ে আবেদন করার কথা ভাবছেন। এ ধরনের প্রবণতা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন