জুলাই ১৯, ২০২৬, ০৬:৪৪ পিএম
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএনডিপি-এর একটি প্রতিনিধি দল। রোববার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে তারা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র এবং সংসদীয় কার্যক্রমকে শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বর্তমান সরকারের অগ্রাধিকার হিসেবে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে বৈঠকে উল্লেখ করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদাও পরিবর্তিত হয়। এই পরিবর্তিত সমাজ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্য অনেক সময় আইন সংশোধনের প্রয়োজন পড়ে, যা বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
সংসদ ভবনের লাইব্রেরিতে সদ্য সমাপ্ত গ্রাজুয়েটদের জন্য পার্লামেন্টারি ফেলোশিপ বা ইন্টার্নশিপ প্রোগ্রাম চালুর বিষয়ে ইউএনডিপি-এর প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি ই-পার্লামেন্ট বাস্তবায়নে প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতার জন্য ইউএনডিপি-র সহায়তা কামনা করেন। একইসঙ্গে কোনো নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য সংস্থার চলমান প্রকল্পের সঙ্গে যেন কোনো ডুপ্লিকেশন বা অসামঞ্জস্য না হয়, সে বিষয়ে সতর্ক থাকার ওপর জোর দেন তিনি।
সাংসদদের দক্ষতা বাড়াতে বাংলাদেশ ও নেপাল পার্লামেন্টের সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার। তিনি সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি কার্যক্রমকে এগিয়ে নিতে জাতীয় সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজনের বিষয়েও ঐকমত্য হয়েছে।
ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নে’র নেতৃত্বে বৈঠকে সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট ড্রাগন পোপোভিচ, তানভীর মাহমুদ, প্রজেক্ট ম্যানেজার মাহমুদুল হাসান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন