জুলাই ২০, ২০২৬, ০৩:০১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে তা সারাদেশে সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ধাপে ধাপে সারাদেশে এই কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি গ্রহণযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে বৈঠকে জানানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন