বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ১২:১৪ পিএম

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী

ছবি - সংগৃহীত

সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট মামলা বা অভিযোগ থাকে, তবে তা যথাযথভাবে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।আইনি প্রক্রিয়া ও বস্তুনিষ্ঠতা বজায় রেখেই পদক্ষেপ নেওয়া হবে।শনিবার সকালে রাজধানীর সিরডাপে আয়োজিত মানবাধিকারবিষয়ক এক পরামর্শসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। 

আইনমন্ত্রী স্পষ্ট করে জানান, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আনীত অভিযোগ বা মামলাগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত কি না, তাও গভীরভাবে পর্যালোচনা করা হবে। রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে দায়িত্ব পালনকারী কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার ওপর তিনি বিশেষ জোর দেন।

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে দায়ের করা বিতর্কিত ও মিথ্যা মামলা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি জানান, বিশেষ করে চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে আহত আটজন নাগরিকের বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করা হয়েছে, তা যদি সম্পূর্ণ মিথ্যা বা ভিত্তিহীন প্রমাণিত হয়, তবে দ্রুততম সময়ের মধ্যে তা প্রত্যাহার করে নেওয়া হবে। বিচারহীনতার সংস্কৃতি দূর করতে সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতির কথা তুলে ধরে তিনি জানান, বিচারবহির্ভূত হত্যা বা এক্সট্রা কিলিং বর্তমানে শূন্যের কোটায় নেমে এসেছে। একই সঙ্গে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় বা দলীয় অবস্থান যাই হোক না কেন, নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধে অর্থাৎ ধর্ষণের মামলা কোনো অবস্থাতেই প্রত্যাহার করা হবে না।