জুলাই ৩০, ২০২৬, ০৫:১২ পিএম
বাংলাদেশি হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে হজের বিমান টিকিটের মূল্য আরও পঁচিশ হাজার টাকা কমানোর ঘোষণা দিয়েছে সরকার। এর ফলে এখন থেকে প্রতি হজের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ত্রিশ হাজার টাকা।হজযাত্রীদের জন্য যৌক্তিক খরচ নিশ্চিত করা হচ্ছে।বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার দুই হাজার ছাব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই তথ্য জানান।
তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব।প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার হজযাত্রীদের জন্য যৌক্তিক খরচে ও হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ তৈরিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গত বছর টিকিটের দাম বারো হাজার টাকা কমানো সম্ভব হয়েছিল এবং এ বছর তা আরও পঁচিশ হাজার টাকা কমিয়ে এই স্তরে নামিয়ে আনা হয়েছে।
এছাড়াও, বাংলাদেশি হাজিদের আবাসন খরচ কমানোর লক্ষ্যে বিশেষ সুবিধা আরোপের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা চলছে এবং বিমান টিকিটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য সৌদি সরকারকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি। হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি জানান, দেশের মোট হজযাত্রীর মাত্র পাঁচ শতাংশ সরকারি মাধ্যমে এবং বাকি পঁচানব্বই শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজে যান। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সব এজেন্সি মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে রাজকীয় সৌদি দূতাবাসের উপমিশন প্রধানসহ হাবের নেতৃবৃন্দ এবং হজপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন