শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

শুধু নতুন ভবন বা কলেজ বানালেই স্বাস্থ্যখাতের সংকট দূর হবে না: প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ০৬:৩৪ পিএম

শুধু নতুন ভবন বা কলেজ বানালেই স্বাস্থ্যখাতের সংকট দূর হবে না: প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

শুধু নতুন ভবন নির্মাণ কিংবা একের পর এক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করলেই দেশের স্বাস্থ্যখাতের বিদ্যমান সংকটের সমাধান হবে না বলে স্পষ্ট মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, গত দেড় দশকে স্বাস্থ্যখাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হলেও অপরিকল্পিত ক্রয়, দুর্নীতি ও ব্যবস্থাপনার চরম দুর্বলতার কারণে কেনা চিকিৎসা সরঞ্জাম দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে রয়েছে।

শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেন।সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে দেশের কোনো কোনো হাসপাতালে ১০ বছর আগে কেনা যন্ত্রপাতিও এখনো প্যাকেটবন্দি অবস্থায় রয়ে গেছে।প্রতিমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে শত শত কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি কেনা হলেও কোথাও আধুনিক যন্ত্র সচল থাকলেও তা পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট নেই, আবার কোথাও রিএজেন্ট কিংবা এক্স-রে প্লেটের মতো উপকরণের অভাবে তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। 

শুধু অবকাঠামো বা নতুন ভবন বাড়ানো নয়, বরং দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা, দক্ষ জনবল এবং কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। একজন চিকিৎসক একা সেবা নিশ্চিত করতে পারেন না উল্লেখ করে তিনি চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে একটি কার্যকর টিম গড়ে তোলার তাগিদ দেন।

এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের বর্তমান করুণ চিত্র তুলে ধরে তিনি জানান, প্রতিষ্ঠানটিতে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের প্রায় ২০০টি পদ শূন্য রয়েছে। দুই হাজার ২০০ শয্যার বিপরীতে প্রতিদিন সেখানে প্রায় পাঁচ হাজার রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন মেডিকেল কলেজে বেসিক সায়েন্সের শিক্ষক সংকটের কারণে চিকিৎসা শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিদ্যমান এই সংকট দ্রুত নিরসনে চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের দ্রুত নিয়োগের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে বর্তমান অবকাঠামো ও সরঞ্জামগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়ে অনুষ্ঠান শেষ করেন প্রতিমন্ত্রী।