মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশের স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

জাতীয় ডেস্ক

আগস্ট ৩১, ২০২৬, ০৫:৩৬ পিএম

বাংলাদেশের স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে প্রায় ২৯ কোটি ৩৩ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে এই স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল ও সরঞ্জাম হস্তান্তর করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

পঞ্চগড় সদর হাসপাতালে সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে এই চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়। যুক্তরাষ্ট্রের এই আর্থিক সহায়তার আওতায় নবজাতকের শরীর উষ্ণ রাখার বিশেষ সরঞ্জাম, শ্বাসপ্রশ্বাসে সহায়ক চিকিৎসা উপকরণ, গুরুতর অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকাদান কর্মসূচির কোল্ড চেইন সুরক্ষার যন্ত্রপাতি অন্তর্ভুক্ত রয়েছে। 

আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় অংশীদারদের মাধ্যমে দেশের দুর্গম এলাকার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতেও এসব সরঞ্জাম বিতরণ করা হবে। স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে মার্কিন সরকারের এই অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।