আগস্ট ৩, ২০২৬, ০৮:০৪ পিএম
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিষয় নিয়ে আলোচনা হয়, যেখানে দাবি করা হয়েছিল যে পলাতক শেখ হাসিনা ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন।এই প্রসঙ্গে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।
পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় হাইকমিশনারকে জানান, পলাতক ব্যক্তি বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কেউ যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে বা দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সচেষ্ট থাকা জরুরি। এ ধরনের কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে উল্লেখ করা হয়। ভারতীয় হাইকমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়ার আশ্বাস দেন।উভয়পক্ষ পারস্পরিক আস্থা ও আলোচনার মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন