আগস্ট ৭, ২০২৬, ০৩:২২ পিএম
গণমাধ্যম শক্তিশালী থাকলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই হয় উল্লেখ করে সরকারকে সবসময় চোখে চোখে রাখার এবং ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন যে সংবাদকর্মীদের কোনো ধরনের রাখঢাক না রেখে নিরপেক্ষভাবে সত্য ঘটনা তুলে ধরতে হবে। তবে একই সঙ্গে গণমাধ্যমের মালিকানা কাঠামো এবং আর্থিক বাস্তবতা যে স্বাধীন সাংবাদিকতার পথে একটি বড় বাধা, সে কথাও তিনি স্বীকার করেন।
শুক্রবার সকালে রাজধানী ঢাকায় আয়োজিত টিভি এডিটরস কাউন্সিলের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মত প্রকাশ করেন।অনুষ্ঠানে বক্তৃতাকালে মির্জা ফখরুল জানান যে পাশ্চাত্যের দেশগুলোতে টেকসই গণতন্ত্র গড়ে উঠতে দীর্ঘ সময় লাগলেও বাংলাদেশের মানুষ এক্ষেত্রে কিছুটা অস্থির। গণমাধ্যমের সমালোচনা ও পর্যালোচনার স্বাধীনতাকে স্বাগত জানিয়ে তিনি উল্লেখ করেন যে সংবাদমাধ্যমে সরকারের সমালোচনা চললেও তা যেন গঠনমূলক হয়। সংবাদমাধ্যমের সঠিক ভূমিকার ওপরই গণতন্ত্রের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে বলে তিনি মন্তব্য করেন। তবে বর্তমান সময়ে সরকারি কোনো প্রত্যক্ষ চাপ না থাকলেও অনেক সাংবাদিক আত্মনিয়ন্ত্রণ বা আত্মসংযমের পথে হাঁটেন, যা থেকে বেরিয়ে আসার সময় এসেছে।
সাংবাদিকদের কর্মপরিবেশ ও চাকরির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি জানান যে কোনো ধরনের নোটিশ ছাড়াই অনেক সময় সংবাদকর্মীদের চাকরিচ্যুত করা হয়, যেখানে ন্যূনতম বেতন বা আইনি সুরক্ষারও অভাব থাকে। অথচ এই গুরুতর বিষয়গুলোতে পেশাদার সাংবাদিক সংগঠনগুলোর জোরালো ভূমিকা প্রায়শই অনুপস্থিত থাকে। গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সংবাদকর্মী এবং প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন।
গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন যে নিজের রাজনৈতিক মতের মিল না থাকলেও অন্যের মতামত প্রকাশের পূর্ণ সুযোগ দিতে হবে। রাজনৈতিক অসহিষ্ণুতা বৃদ্ধি পেলে কখদই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক পটপরিবর্তন ও গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে নানা বাধা-বিপত্তির ইতিহাস তুলে ধরে তিনি সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন