আগস্ট ৮, ২০২৬, ১১:৫৫ এএম
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে জাল ডিও লেটার বা আধাসরকারি পত্র তৈরি করে বদলি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অপচেষ্টা চালানোর অভিযোগে এক সহকারী কমিশনারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানী ঢাকার শেরেবাংলানগর থানায় রাষ্ট্রীয় পদমর্যাদা জালিয়াতির অভিযোগে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় এই জালিয়াতির ঘটনাটি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
মামলায় প্রধান আসামি হিসেবে বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার বা এসি-ল্যান্ড শাওন মজুমদার সুমনকে অভিযুক্ত করা হয়েছে।জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার পরিচালক মো. মনির হোসেন বাদী হয়ে থানায় এই মামলাটি দায়ের করেন। এজাহারে বলা হয়েছে যে গত জুলাই মাসের শেষ সপ্তাহে সচিবের মাধ্যমে এই চাঞ্চল্যকর জালিয়াতির বিষয়টি প্রথম প্রকাশ পায়। অভিযুক্ত কর্মকর্তা তার বরগুনা সদর থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বদলির আদেশ বাতিল করিয়ে ঢাকার কেরানীগঞ্জে পদায়নের অসৎ উদ্দেশ্যে ডেপুটি স্পিকারের স্বাক্ষর ও সরকারি প্যাড বা লেটারহেড জাল করেন।
পরবর্তী সময়ে সংসদ সচিবালয় থেকে বিষয়টি নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হলে পুরো জালিয়াতি ধরা পড়ে। পত্রে ব্যবহৃত স্বাক্ষর, ভাষা, বিন্যাস এবং প্রাতিষ্ঠানিক নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো সরকারি রেকর্ডের সঙ্গে কোনোভাবেই মিল না থাকায় সেটি সম্পূর্ণ ভুয়া বলে প্রমাণিত হয়। এর ফলে ডেপুটি স্পিকারের সাংবিধানিক পদমর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থার ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাদীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ জালিয়াতি চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। আসামিদের ব্যবহৃত যোগাযোগ মাধ্যম, মোবাইল ফোন এবং কম্পিউটার ডিভাইসগুলো ডিজিটাল ফরেনসিক পরীক্ষার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন