আগস্ট ৯, ২০২৬, ০৫:১৫ পিএম
দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি নিরবচ্ছিন্ন রাখতে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টিকারীর বিরুদ্ধে দেশবাসীকে সর্বদাও সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শান্তি নষ্ট করতে কোনো মহলকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। চট্টগ্রামের বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান এই গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
রোববার অনুষ্ঠিত এই জনসভায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।সমাবেশে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে বিগত কিছুদিন ধরে একটি চক্র পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে, যার খেসারত শেষ পর্যন্ত দেশের সাধারণ জনগণকে দিতে হয়। জাতীয় সংসদে খুব শীঘ্রই বিদ্যুৎ ও জ্বালানিসহ সার্বিক দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হবে বলে তিনি ঘোষণা দেন।
বিরোধী দলগুলোকে গঠনমূলক মতামত উপস্থাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জীবনযাত্রার মান উন্নত করা। চলতি মাসের ষোলো তারিখ থেকে ফ্যামিলি কার্ড বিতরণের মূল কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়ে তিনি বলেন যে আগামী অর্থবছরের মধ্যে দেশের প্রায় একচল্লিশ লাখ পরিবার এই সুবিধার আওতায় আসবে।
পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড এবং লবণচাষিদের অর্থনৈতিক সচ্ছলতা ফেরাতে নতুন মূল্য নির্ধারণের ঘোষণা দেন তিনি। চট্টগ্রাম অঞ্চলকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক করিডোর হিসেবে গড়ে তুলতে মাতারবাড়ীসহ বিভিন্ন মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলেছে বলে জানান তিনি।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন