আগস্ট ১০, ২০২৬, ০৩:০৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর নিজস্ব দপ্তরে এই আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে সরকারপ্রধান ভারতীয় হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান।ঢাকায় দায়িত্ব পালনের প্রথম দুই মাসের অভিজ্ঞতা এসময় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন ভারতীয় দূত।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিভিন্ন দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। বিশেষ করে শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণ করার প্রক্রিয়া ত্বরান্বিত করার ওপর জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে।
দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি অনুকূল ও উপযুক্ত পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।উভয় পক্ষের এই গুরুত্বপূর্ণ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন