আগস্ট ১২, ২০২৬, ০৭:২০ পিএম
পাহাড়ের গহিনে শিশুদের শিক্ষার আলো সচল রাখতে একটি ভেঙে যাওয়া বিদ্যালয় ভবন পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের গহীন পাহাড়ে অবস্থিত সাকহ্লানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি গত জুলাই মাসের প্রথম দিকে টানা ভারী বৃষ্টিতে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। এর ফলে দুর্গম এলাকার অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছিল।
স্থানীয় এক ছাত্রনেতার মাধ্যমে বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরের নজরে আসার সঙ্গে সঙ্গে এই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।দশ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং চলতি মাসেই তা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ফলে দুর্গম পাহাড়ি এলাকার এই শিক্ষালয়ে আবারও স্কুলঘণ্টা বাজার অপেক্ষা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই তাৎক্ষণিক উদ্যোগে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নয়াপাড়ার বাসিন্দা চাই হ্লা মং মারমা জানান যে স্কুল ভেঙে যাওয়ায় পড়ালেখা বন্ধ হয়ে গেলেও সরকারি উদ্যোগে দ্রুত নতুন ভবন নির্মাণ করায় তারা অত্যন্ত আনন্দিত।পাহাড়ের ঢালে শিশুদের এই শিক্ষালয়টি নতুন করে ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে আবারও কোলাহল মুখর হয়ে উঠবে।
দুর্গম পাহাড়ি জনপদে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের এমন আন্তরিকতা এলাকার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন ভবন নির্মাণ কাজ শেষ হলে শিক্ষার্থীরা তাদের নিয়মিত পাঠ্য কার্যক্রমে ফিরে যেতে পারবে।শিক্ষার আলো থেকে পিছিয়ে থাকা পাহাড়ি শিশুদের জন্য এই উদ্যোগ একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন