সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে জরুরি গ্যাসের চাহিদা মেটাতে আট কার্গো এলএনজি আমদানির অনুমোদন

জাতীয় ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ০৮:৫৫ পিএম

দেশে জরুরি গ্যাসের চাহিদা মেটাতে আট কার্গো এলএনজি আমদানির অনুমোদন

ছবি : সংগৃহীত

দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।এলএনজি আমদানির পাশাপাশি নদী খনন ও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের কয়েকটি প্রস্তাবও এতে পাস হয়।

আন্তর্জাতিক বাজারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৩টি পৃথক প্রস্তাবের প্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। হংকং ঝেনইউ শিপিং, মালয়েশিয়ার পেট্রোনাস, চীনের চায়না রুনজে হোল্ডিংস এবং যুক্তরাষ্ট্রের দারাব ইনকর্পোরেটেড থেকে সমানভাবে ২ কার্গো করে মোট ৮ কার্গো গ্যাস কেনা হবে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই আমদানি প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অন্যদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ নৌপথের উন্নয়নেও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে জিনাই, সুতিয়া ও কাঁচামাটিয়া নদীর খননকাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়।এছাড়া সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য অ্যানড্রয়েড ট্যাব কেনার একটি প্রস্তাবও বৈঠকে পাস হয়েছে।