শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

জাতীয় ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ০৬:০০ পিএম

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

ছবি : সংগৃহীত

চলতি ২০২৬ অর্থবছরের মধ্যেই সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের মোট পাঁচটি নির্বাচন সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য সরকার প্রস্তুতি গ্রহণ করছে বলে তিনি উল্লেখ করেন।

মৌলভীবাজারকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য নবনির্মিত ভবন, শহরের বর্জ্য ব্যবস্থাপনা স্থানান্তর কার্যক্রম এবং রাধানগর মহাজিরাবাদ সড়কসহ একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। 

তিনি জানান, পর্যটন নগরী মৌলভীবাজারের উন্নয়নে এক হাজার কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বর্তমান সরকারের জাতীয় উন্নয়নের মূলধারায় জেলাটিকে যুক্ত করতে একটি সুপরিকল্পিত রূপরেখা নিয়ে কাজ চলছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে এই প্রকল্পগুলো অত্যন্ত জরুরি।স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনগুলো সম্পন্ন হলে তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের পরবর্তী ধাপগুলো দ্রুত ঘোষণা করা হবে।