আগস্ট ১৬, ২০২৬, ১১:৫৮ পিএম
গত সতেরো বছরে দেশের শিক্ষা ব্যবস্থায় চরম ধস নেমেছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং এবারের বাজেটে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য শিক্ষার পাশাপাশি দক্ষ কর্মসংস্থানের বিকল্প নেই। তরুণ প্রজন্ম যাতে কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশ ও বিদেশে নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারে, সরকার সেই লক্ষ্যে কাজ করছে বলে জানান তিনি।
অতীতে নারীশিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে শামা ওবায়েদ জানান, প্রাইমারি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করে সাধারণ মানুষের দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দেওয়া হয়েছিল। বর্তমান সরকারের পক্ষ থেকেও শিক্ষার সুযোগ গ্র্যাজুয়েশন পর্যন্ত সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান খান। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন