আগস্ট ১৭, ২০২৬, ১১:১৯ এএম
বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হয়েছে। এই দীর্ঘ সময়ে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রমের পাশাপাশি বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিভিন্ন বক্তব্য, মন্তব্য এবং বিতর্কিত কর্মকাণ্ড রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হয়েছেন, আবার কেউ সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছেন।
আলোচায় থাকা মন্ত্রীদের মধ্যে সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম অন্যতম। দায়িত্ব নেওয়ার পর চাঁদাবাজির বিষয়ে তার করা একটি মন্তব্য দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদও একাধিক বক্তব্য দিয়ে বিতর্কের মুখে পড়েন। বিশেষ করে গ্রামে কোনো লোডশেডিং নেই বলে তার মন্তব্য সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনও বিভিন্ন সিদ্ধান্ত ও বক্তব্যের কারণে আলোচনার কেন্দ্রে ছিলেন। প্রথম শ্রেণির ভর্তিতে লটারি বাতিল, বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্য তাকে সমালোচনার মুখে ফেলে। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরেও বিভিন্ন সময় নানা গুঞ্জন ও বিতর্ক তৈরি হয়।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হকের কিছু প্রস্তাব ও কার্যক্রমও রাজনৈতিক মহলে আলোচনার খোরাক জুগিয়েছে। বিশ্লেষকদের মতে, মন্ত্রীদের এই ধরনের অসংযত বক্তব্য বা বিতর্কিত সিদ্ধান্ত প্রায়শই সরকারের সামগ্রিক অর্জনকে ম্লান করে দেয়। তাই আগামী দিনে দায়িত্বশীল আচরণ ও কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার তাগিদ অনুভব করছেন সচেতন মহল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন