আগস্ট ১৭, ২০২৬, ০৪:১২ পিএম
ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক সুপারভাইজারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) ডিএসসিসি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় ওই কর্মকর্তার বিরুদ্ধে এই সরাসরি অভিযোগ ওঠে। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম তাৎক্ষণিক এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর লিখিত জবাব দিতে বলা হয়েছে।অব্যাহতি পাওয়া ওই কর্মকর্তার নাম মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ, যিনি ডিএসসিসির রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখা, অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো জানান, গত জুন মাসে অনস্পট ট্রেড লাইসেন্স নবায়ন ক্যাম্প চলাকালে মোস্তফা নূরউদ্দিন বাইশটি ট্রেড লাইসেন্স নবায়নের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করেন।
অর্থ নেওয়ার পর দেড় মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও লাইসেন্সগুলো নবায়ন করা হয়নি এবং পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টালবাহানা শুরু করেন বলে অভিযোগ করা হয়।এই অভিযোগ শোনার পর প্রশাসক কঠোর পদক্ষেপ নেন এবং দ্রুত অভিযুক্তকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ জানিয়েছেন, নাগরিক ও ব্যবসায়ী সেবায় সিটি করপোরেশন সব ধরনের দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলছে। অভিযুক্তের কারণ দর্শানোর নোটিশের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে চূড়ান্ত আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন