আগস্ট ১৯, ২০২৬, ০৫:০১ পিএম
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দল বিএনপির সংসদীয় দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের নবম তলায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।আজ বুধবার বিকেলে এই সংসদীয় দলের সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী ও দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে তেইশতম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর দুইটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলবে।দীর্ঘ ৩৫ বছর পর এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থীর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।
এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলের পক্ষ থেকে মনোনীত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। বর্তমান সংসদে মোট ভোটারের সংখ্যা তিনশত উনপঞ্চাশ জন সংসদ সদস্য। সর্বশেষ ১৯৯১ সালের আট অক্টোবর সংসদ কক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন