মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

এক কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার:রুমিন ফারহানা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৬, ০৬:৪৫ পিএম

এক কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার:রুমিন ফারহানা

ছবি : সংগৃহীত

গত ছয় মাসের ব্যবধানে দেশে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন বলে জাতীয় সংসদে জোরালো দাবি তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের সময় এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমান প্রশাসনের আমলে উল্টো কলকারখানা বন্ধ হয়ে বেকারত্ব বাড়ছে।বৃহস্পতিবার জাতীয় সংসদের ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এই তথ্য তুলে ধরেন।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে রুমিন ফারহানা বলেন, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এর ফলে নয়শটির বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকার মধ্যে আইন-শৃঙ্খলা উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতের নিশ্চয়তা থাকার কথা থাকলেও সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে না। বর্তমান সময়ে বাজারে সবজির চড়া দাম এবং চাল-ডিমের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দুর্বিষহ হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে বলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললে বাস্তব চিত্র ভিন্নভাবে উঠে আসে। কর্মসংস্থান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, যারা বর্তমানে চাকরিতে রয়েছেন, তাদের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে অবিলম্বে বাস্তবসম্মত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে তিনি সতর্ক করেন।