শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে বিএনপির বার্তা

জাতীয় ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ১২:৩২ পিএম

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে বিএনপির বার্তা

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিশ্বের সব গুমের শিকার ব্যক্তি, তাঁদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে বিগত বছরগুলোতে রাষ্ট্রীয় নিপীড়ন ও কর্তৃত্ববাদী শাসনের সময়ে গুমের শিকার প্রত্যেক ব্যক্তিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। 

গুম কেবল একজন মানুষকে তাঁর পরিবার ও সমাজ থেকে অদৃশ্য করে দেওয়া নয়, বরং এটি মানুষের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার এবং জীবনের অধিকারের ওপর এক নির্মম আঘাত বলে বাণীতে উল্লেখ করা হয়।দীর্ঘদিন ধরে প্রিয়জনের ফিরে আসার অপেক্ষা এবং ভাগ্য সম্পর্কে অনিশ্চয়তা একটি পরিবারের জন্য অত্যন্ত অসহনীয় যন্ত্রণা।বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সাম্প্রতিক ইতিহাসে গুম রাজনৈতিক দমন-পীড়ন ও ভিন্নমত স্তব্ধ করার একটি ভয়াবহ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। 

বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও মানবাধিকারকর্মীরা এর শিকার হয়েছেন এবং অনেক পরিবার আজও জানে না তাদের প্রিয়জন কোথায় বা কী অবস্থায় আছেন। প্রতিটি ঘটনার সত্য উদঘাটন, নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম প্রধান শর্ত বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ভবিষ্যতে রাষ্ট্রে কোনো সংস্থা যাতে নাগরিকের বিরুদ্ধে গুমকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে, সে ধরনের পরিবেশ গড়ে তোলার ওপর জোর দিয়েছে বিএনপি। একই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সত্য জানা, ন্যায়বিচার প্রাপ্তি এবং যথাযথ পুনর্বাসনের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার এই দীর্ঘ সংগ্রামে গুমের শিকার পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দলটি।