আগস্ট ৩১, ২০২৬, ০৪:২২ পিএম
রাজধানীতে নির্ধারিত দোকানে নির্দিষ্ট নিয়ম মেনে মাংস বিক্রি করতে হবে বলে নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানান, বিক্রির আগে মাংস পরীক্ষিত কি না তা নিশ্চিত করতে হবে এবং মাংসের গায়ে ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকতে হবে।
সোমবার রাজধানীর হাজারীবাগে একটি আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই নির্দেশনার কথা জানান। অননুমোদিত স্থানে পশু জবাই বা নির্ধারিত নিয়ম অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডিএসসিসি প্রশাসক স্পষ্টভাবে উল্লেখ করেন যে নির্ধারিত জবাইখানার বাইরে বিভিন্ন বাজারে যত্রতত্র পশু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ।
কেউ যদি অননুমোদিত স্থানে পশু জবাই করেন তবে তাকে জরিমানা করা হবে। পাশাপাশি অবৈধভাবে জবাইকৃত মাংস কোনো দোকানে বিক্রি করা হলে সেই দোকান সিলগালা বা বন্ধ করে দেওয়া হবে। অনিয়ন্ত্রিত উপায়ে মাংস সরবরাহের কারণে পশুর স্বাস্থ্যগত ফিটনেস বা গরুর পরিবর্তে মহিষ বিক্রির মতো জালিয়াতি রোধ করা সম্ভব হয় না বলেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
জবাইখানায় স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন যে দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন