বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

কারিগরি শিক্ষাকে বিশ্বমানের করতে কাজ চলছে:মাহ্দী আমিন

জাতীয় ডেস্ক

আগস্ট ৩১, ২০২৬, ০৯:০৮ পিএম

কারিগরি শিক্ষাকে বিশ্বমানের করতে কাজ চলছে:মাহ্দী আমিন

কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর, সার্ভিস সেন্টার ও তিনটি প্ল্যাটফর্মের সূচনায় চীন সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন। সম্প্রতি চীন সরকারের আমন্ত্রণে শিক্ষামন্ত্রীসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল তিন দিনের চীন সফর সম্পন্ন করেন। সফর প্রসঙ্গে মাহ্দী আমিন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দুই দেশের পুরোনো সম্পর্কের সূচনা হয়েছিল, যা বর্তমান সরকারের সময়ে নতুন মাত্রায় পৌঁছেছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানের কাতারে নিয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করাই এই সফরের মূল লক্ষ্য ছিল বলে উল্লেখ করেন তিনি।

সফরের প্রাপ্তি তুলে ধরে উপদেষ্টা জানান, শিক্ষক প্রশিক্ষণ অগ্রাধিকার দিয়ে ‍‍`এগ্রিমেন্ট অন দ্য চীন-বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং‍‍` শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর পাশাপাশি ‍‍`চীন-বাংলাদেশ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন ইন্টিগ্রেশন ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টার‍‍` নামে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সেই সাথে ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার, ভোকেশন এডুকেশন রিসার্চ সেন্টার এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্লাস স্কিল ডেভেলপমেন্ট কো-অপারেশন সেন্টার—এই তিনটি নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে মান্দারিন বা চাইনিজ ভাষা শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে চীনের বহুজাতিক প্রতিষ্ঠানে দক্ষ দেশীয় জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া উপস্থিত ছিলেন।