মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,

৪৫ বছর পর জিয়া হত্যা মামলায় নতুন তথ্য

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৬, ০২:৫০ পিএম

৪৫ বছর পর জিয়া হত্যা মামলায় নতুন তথ্য

ছবি : সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে দীর্ঘ সাড়ে চার দশক পর নতুন ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন মামলার পুনঃতদন্তের দায়িত্বপ্রাপ্ত বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করে তিনি জানান, অনেক অমীমাংসিত রহস্যের সুরাহা হতে চলেছে এবং এসব ঘটনায় তদন্তকারীদের প্রধান পথ দেখাচ্ছে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের ফোন।

রাজধানীর বনানীর একটি বাসা থেকে গত ১৫ জুলাই রাতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়, যিনি টানা ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান হত্যার সময় তার কাছেই উপস্থিত ছিলেন মোজাফফর। ঘটনার পর নথিপত্র তল্লাশি ও মরদেহ সরানোর কাজেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, হত্যাকাণ্ডে কার কী ভূমিকা ছিল এবং এর নেপথ্যে কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মোজাফফরের সঙ্গে দেশ ও বিদেশের কাদের যোগাযোগ ছিল এবং তিনি কার পৃষ্ঠপোষকতায় দেশে অবস্থান করছিলেন, ডিজিটাল আলামত বিশ্লেষণ করে সেসব বিষয় উদঘাটনের চেষ্টা চলছে। 

পাশাপাশি হত্যাকাণ্ডের পর মঞ্জুরের মৃত্যু এবং তৎকালীন সময়ে সিক্রেট পেপার উদ্ধারের রহস্যও তদন্তের আওতাভুক্ত করা হয়েছে। দীর্ঘদিনের এই অমীমাংসিত অধ্যায়ের সুনির্দিষ্ট কারণ ও ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পেছনের লক্ষ্য উদঘাটনে গোয়েন্দা প্রতিবেদন ও আন্তর্জাতিক নথিপত্র সমন্বয় করা হচ্ছে। সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে।