মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,

৪৯ বছরে পদার্পণ করল বিএনপি, জিয়ার ১৯ দফা আজও প্রাসঙ্গিক

জাতীয় ডেস্ক

আগস্ট ৩১, ২০২৬, ১১:৪৭ পিএম

৪৯ বছরে পদার্পণ করল বিএনপি, জিয়ার ১৯ দফা আজও প্রাসঙ্গিক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে রাজনৈতিক বিশ্লেষক ও দলের প্রবীণ নেতারা ১৯৭৮ সালে দলের আত্মপ্রকাশের সময় এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচির কথা স্মরণ করছেন। দীর্ঘ পথপরিক্রমা পেরিয়ে এসেও দলটির রাজনৈতিক দর্শনে এই ১৯ দফা এখনো গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১৯ দফা আজও বিএনপির রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। রাজনৈতিক নথিপত্র অনুযায়ী, ১৯৭৭ সালের ৩০ এপ্রিল এই ঐতিহাসিক ১৯ দফা ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান। আত্মনির্ভরতা, গ্রামীণ উন্নয়ন ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মূল লক্ষ্য নিয়ে তৈরি এই কর্মসূচিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা, চার মূলনীতির ভিত্তিতে জাতীয় জীবন পরিচালনা এবং প্রশাসনের সব স্তরে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছিল। এছাড়া কৃষির উন্নয়ন, শিল্পায়ন ত্বরান্বিতকরণ এবং খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণের বিষয়গুলোও এতে অন্তর্ভুক্ত ছিল।

সময় গড়ালেও দলের আর্থসামাজিক ও রাজনৈতিক নীতি-কাঠামোয় এই আদর্শগুলো অপরিবর্তিত রয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, দুর্নীতিবিরোধী পদক্ষেপ, শ্রমিকের অধিকার এবং নারীর অধিকার ও ক্ষমায়নের মতো বিষয়গুলোতে এই রূপরেখা আজও সমানভাবে কার্যকর। সমতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে বন্ধুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখার নীতিও এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে দলটি এখন দেশের সার্বিক অগ্রগতি ও উন্নয়নে এই ভিশন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলটির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে একটি আত্মনির্ভরশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।